আমার সোনার বাংলা।
Blog
-

উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়ে যুক্তরাষ্ট্রের চমক
বাংলাদেশকে সিরিজ হারিয়ে যুক্তরাষ্ট্র আগেই বার্তা দিয়েছিলেন এবারের বিশ্বকাপে তারা চমক দেখাবে। সাত দেশের ক্রিকেটার নিয়ে গড়া সেই দলটা ঠিকি চমক দেখালো। নিজেদের মাটিতে উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারালো সাত উইকেটের বিশাল ব্যবধানে।
যুক্তরাষ্ট্রের সামনে লক্ষ্যটা সহজ ছিলনা। কানাডার দেয়া ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় স্বাগতিকদের শুরুটা হয় হতাশার। উদ্বোধনী জুটিতে একটি রানও তুলতে পারেননি মোনাক প্যাটেল ও স্টিভেন টেলর।
তবে কে জানতো আসল চমকটা দেখাবে টপ অর্ডারের দুই ব্যাটার আন্দ্রিস গুজ ও অ্যারন জোনস। তাদের সামনে যেন কচুকাটা হলো কানাডার বোলররা। ৪২ রানে যখন ২ উইকেট নেই। তখনি ৫৮ বলে ১৩১ রানের বিশাল জুটি গড়লেন এই দুই ব্যাটার। গুজ ৪৬ বলে ৬৫ রানে আউট হলেও কাজের কাজটা করে দিয়ে গেছেন ঠিকি। বাকি কাজটি সারেন অ্যারন জোনস।
মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি থেকে দূরে থাকেন এই ব্যাটার। শেষ পর্যন্ত মাত্র ৪০ বলে ৯৪ রানের চোখ ধাধানো ইনিংস খেলেন জোনস । তার ইনিংস সাজানো ছিল দশটি ছক্কা এবং চারটি চারে। আর ১৪ বল হাতে রেখেই শুভ সূচনা করে আয়োজক দেশটি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বিশ্বকাপের প্রথম বলেই ছিল চারের মার। দুই ওপেনার অ্যারন জনসন এবং নাভনিত ধালিওয়াল শুরু থেকেই চড়াও হন যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর। রিতিমত ঝড় তোলেন কানাডার এই দুই ওপেনার।
উদ্বোধনী জুটিতে আসে ৪৩ রান। অ্যারন জনসন করেন ১৬ বলে ২৩ রান। এরমধ্যে চারই মেরেছেন পাচটি। জনসন ফিরে গেলে অপরপাশ সামলে রাখেন আরেক ওপেনার নাভনিত ধালিওয়াল।
প্রগত সিং এসে ভরসা দিতে পারেননি। তবে চারে নামা নিকোলাস কির্তন যেন বদলে দিলেন পুরো পরিবেশ। নভোনীত শুরু থেকেই ছিলেন আগ্রাসী। তাতে বাড়তি হাওয়া দিয়েছেন কির্তন। দুজনের ৬.১ ওভারের জুটি থেকে এসেছে ৬২ রান।
নভোনীত তুলে নিয়েছেন এবারের আসরের প্রথম ফিফটি। ৬১ রানের ইনিংসে ছিল ৬ চার আর ৩ ছক্কার মার। ১২৮ রানে তিনি ফিরে গেলেও কির্তন ছিলেন অবিচল। ৩০ বলেই ফিফটি তুলে নেন। দলকে পৌঁছে দেন শক্ত অবস্থানে। যদিও ৫১ রানেই থামতে হয় তাকে।
কির্তনের আউটের পরেই খানিকটা ধাক্কা খায় কানাডা। যুক্তরাষ্ট্রও আশা পায় ম্যাচে ফেরার। কিন্তু শেষ দুই ওভারে ৩৫ রান নিয়ে ম্যাচটাকে আবারও নিজেদের করে নেন শ্রেয়াশ মোভা এবং দিলপ্রীত বাজওয়া। শ্রেয়াশ খেলেছেন ১৬ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংস। আর বাজওয়া উপহার দিয়েছেন ৫ বলে ১১ রানের ক্যামিও। তাতেই ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড়ায় কানাডার।
-

কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিভিন্ন জেলায় ক্ষয়ক্ষতি
গত রাতে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। শিলাবৃষ্টিতে ফসল ও ফল ফলাদির ক্ষতি হয়েছে অনেক জেলায়। আহত হয়েছে কয়েকজন।
গত মধ্যরাতে মুন্সীগঞ্জ শহর ও তার আশপাশে ব্যাপক আকারে ঝড় শুরু হয়। আধা ঘন্টা মুষলধারে বৃষ্টি হয়। ঝড়ের সময় ব্যাপক শিলাও পড়ে। মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট।
এছাড়া মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন মুন্সীগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ লাইনেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
হবিগঞ্জেও ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে করে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরা জানিয়েছেন, দু’একদিনের মধ্যে যেসব জমির ধান কাটার কথা, সেসব জমির ধান শিলার আঘাতে নষ্ট হয়েছে। হবিগঞ্জ কৃষি অধিদপ্তর জানায়, হবিগঞ্জ সদর ও বাহুবলে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানা যাবে আরও পরে।
টাঙ্গাইলে ৩৪ দিন পর ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মাসব্যাপী তীব্র গরম সহ্য করার পর বৃষ্টিতে পরিবেশ শীতল হওয়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে।
আজও দেশের অনেক জেলায় বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। -

নানা আয়োজনে ঢাকায় পালিত হচ্ছে মহান মে দিবস
সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। বিভিন্ন সংগঠন শ্রমিকদের অধিকার আদায়ে পালন করছে বিভিন্ন কর্মসূচী। এরমধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা। যার মাধ্যমে তুলে ধরা হচ্ছে শ্রমিকদের অধিকারের কথা।
মে দিবস উপলক্ষে সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে একে একে শোভাযাত্রা নিয়ে হাজির হয় শ্রমিক ও পেশাজীবী সংগঠনগুলো।
হারভাঙ্গা খাটুনির পরও যখন ন্যায্য মূল্য এবং সময়মত টানা না পাওয়ার আক্ষেপ এসব মেহনতি মানুষের।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনগুলোও এসময় শ্রমিকদের দুর্দশার তুলে ধরে শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।
জাতীয় প্রেসক্লাবের ভীতরে বিভিন্ন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা।
আজকের উন্নত-সমৃদ্ধ পৃথিবীর কারিগর এসব অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে অব্যাহত রয়েছে নিরন্তর সংগ্রাম। -

যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি
তীব্র দাবদাহে দেশের বিভিন্ন স্থানে বাড়ছে অসুস্থ হয়ে পড়াদের সংখ্যা। গত একদিনে চুয়াডাঙ্গা, নাটোর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও পাবনা জেলা থেকে পাওয়া গেছে বেশকজনের মৃত্যুর খবর।
চুয়াডাঙ্গায় তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রার পারদ উঠেছে ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ও চুয়াডাঙ্গা জেলায় আবহাওয়া অফিস স্থাপনের ৩৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ছাড়িয়েছে।
সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জারি হয়েছে হিট অ্যালার্ট।
তীব্র গরমে স্থবির যশোরের জনজীবন। ঘরে-বাইরে স্বস্তি মিলছে না কোথাও। চুয়াডাঙ্গার চেয়েও এই জেলায় তাপমাত্রা বেশি। দুপুরে রেকর্ড হয়েছে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
মেহেরপুরেও বাতাসে যেন আগুনের হল্কা। তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে চড়েছে। জেলায় গত ১৪ দিন ধরে অতিবাহিত হচ্ছে তীব্র তাপদাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে।
তীব্র গরমে জামালপুরে হাসপাতালে ডায়রিয়া, জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বেশিরভাগই শিশু। শয্যা সংকটে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
চলমান তাপপ্রবাহের মধ্যে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই জ্বর, সর্দি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছেন।

-

ফেসবুকে পোস্ট দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা

ফেসবুকে পোস্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার রাত ১০টার দিকে প্রথমে ফেসবুকে পোস্ট দেন ফাইরুজ। এরপর কুমিল্লায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এদিকে ফেসবুক পোস্টে অবন্তিকা আইন বিভাগের আম্মান সিদ্দিক নামে তার সহপাঠী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম দায়ী থাকবেন বলে উল্লেখ করে যান। ফেসবুক পোস্টে অবন্তিকা লিখেছেন, ‘আমি যদি কখনো সুইসাইড করে মারা যাই, তবে আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে আমার ক্লাসমেট আম্মান সিদ্দিকী আর তার সহকারী হিসেবে তাকে সাপোর্টকারী জগন্নাথের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম। আম্মান যে আমাকে অফলাইন অনলাইনে থ্রেটের ওপর রাখতো সে বিষয়ে প্রক্টর অফিসে অভিযোগ করেও আমার লাভ হয় নাই। দ্বীন ইসলাম আমাকে নানানভাবে ভয় দেখায় আম্মানের হয়ে যে আমাকে বহিষ্কার করা ওনার জন্য হাতের ময়লার মতো ব্যাপার। আমি জানি এখানে কোনো জাস্টিস পাবো না।’
মেয়েটির আত্মহত্যা এবং সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে তার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন। তিনি বলেন, উপাচার্যের নির্দেশে তাৎক্ষণিকভাবে ওই ছাত্রকে বহিষ্কার এবং সহকারী প্রক্টরকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় খুললে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
-

বাসের ই-টিকিটিং গায়েব

বাস ভাড়া নিয়ে বাগবিতণ্ডা কিংবা পাঁচ-দশ টাকার জন্য মারামারি। ঢাকার গণপরিবহনে সবই হয়। এসব কমাতে চালু হয়েছিল ই-টিকিটিং পদ্ধতি। যা মুখ থুবড়ে পড়ে কয়েক মাস পরই। এখন সেই পদ্ধতিই গায়েব। এমন দশার জন্য দেশের রাজনৈতিক পরিস্থিতির দোহাই দিচ্ছেন বাস মালিকরা।
মাথার উপর দ্রুতগতির মেট্রোরেল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মোড়ে মোড়ে ফ্লাইওভার। তবুও যানজট মুক্ত হচ্ছে না ঢাকা। এর অন্যতম একটি কারণ সড়কে বিশৃঙ্খলা। শৃঙ্খলা ফেরাতে চালু হয়েছিল নগর পরিবহন সেবা। তারও এখন মরণ দশা। বাসের ভাড়া নৈরাজ্য কমাতে চালু হয়েছিল ই-টিকিটিং পদ্ধতি। যা বছর ঘুরতে না ঘুরতেই গায়েব।

ঢাকার বিভিন্ন রুটের ৫৯টি পরিবহন কোম্পানির ৩ হাজার ৩০৭টি বাসে ই-টিকিটিং চালু হয়েছিল। তখন নির্ধারিত ভাড়ায় যাতায়াত করতে পারায় স্বস্তি জানান যাত্রীরা। তবে এখন ই-টিকিটিং না থাকায়, আগের মতোই ভাড়া বেশি নেয়ার অভিযোগ তাদের।
শুরুর দিকে বাসগুলো মেশিনের মাধ্যমে টিকিট দিতো, পথে মনিটরিং করতো মালিক সমিতি। আর এখন তো বাস থেকেই গায়েব ই-টিকিটিং পদ্ধতি। কেউ বলছে মেশিন নষ্ট। কেউ বলছে চার্জ নেই। ভাড়া কাটছেন যে যার মতো।
বাস মালিকরা যেন অসহায়। কিছু বাস কেবল নিয়ম রক্ষা করতে চালু রেখেছে মেশিন। পরিবহন মালিক সমিতি দায় স্বীকার করলেও, দিচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতির দোহাই।
সমন্বিত উদ্যোগ ছাড়া ঢাকার পরিবহনে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়, বলছেন বিশেষজ্ঞরা।
গত বছরের ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ও আশাপাশের এলাকায় চলাচলকারী ৫ হাজার ৬৫০টি বাসের সবগুলোই ই-টিকিটিংয়ের আওতায় আসার কথা। সেই সময়সীমার পার হওয়ার পর, আরও এক বছর পেরোলেও তা আর হয়নি।

-

শসা, লেবুর দাম এখনও চড়া

রমজানের বাজারে এখনো দাপট কমেনি শসা, লেবুর। শসা বিক্রি হচ্ছে একশো টাকায়, লেবুর হালি ৭০ থেকে ৮০ টাকায়। সবজির দাম বিক্রেতারা স্থিতিশীল বললেও ক্রেতারা বলছেন, বেড়ে স্থিতিশীল হওয়ায় প্রকৃত বাজারদর বেশিই।
একসময় ৪ টি লেবু কিনতে পাওয়া যেতো ২০ টাকায়। রোজার শুরুর আগেই সেই একটি লেবু কিনতে খরচ হয়েছে ৪ টির সমান টাকা। কোন কোন ক্ষেত্রে তারচেয়েও বেশি।
সেই লেবুর দাম কিছুটা কমলেও হালি বিক্রি হচ্ছে হালি ৭০ থেকে ৮০ টাকায়। লেবুর সাথে যোগ হয়েছে শসা। যা প্রতি কেজি ১০০টাকা।
বিক্রেতারা বলছেন, সবজির দাম এখন স্থিতিশীল। তবে ক্রেতারা বলছেন, এমন দাম অসহনীয়।
ক্রেতারা বলছেন, বাড়েনি আয় বেড়েছে দাম। বাজারে নেই কোন নিয়ন্ত্রণ ব্যবস্থা।
-

ডিসকাউন্টে এয়ার টিকিট বিক্রি: প্রতারক চক্রের ৩ জন গ্রেপ্তার
ডিসকাউন্টে বিমানের টিকিট বিক্রির নামে চটকদার বিজ্ঞাপন। এরপর তা ফেসবুক পেইজে বুস্ট করে পৌঁছে দেয়া হতো লাখ লাখ মানুষের কাছে। কম টাকায় টিকিট পাওয়ার আশায় যোগাযোগ করতেন প্রবাসীরা। তবে, টিকিট নিয়ে বিমানবন্দরে গেলে দেখা যেতো টিকিট জাল। এমন প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গয়েন্দা পুলিশ।
লিটন মিয়া, ২০১২ সালে কুয়েতে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। এরপর বাংলাদেশে এসে শুরু করেন ভিসার কাজ। তবে প্রতারিত হয়ে চতুর্থ শ্রেণী পাশ লিটন, নিজেই শুরু করেন প্রতারণা। ভুয়া এজেন্সির নামে ১৫ শতাংশ ছাড়ে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট বিক্রি করতেন। তার টিকিট কিনে প্রতারিত হয়েছেন হাজারো প্রবাসী।
ভুক্তভোগীদের কাছ থেকে এমন অভিযোগে চক্রের মূলহোতা লিটনসহ ৩ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। জব্দ করা হয়, অসংখ্য চেক, কার্ড ও টিকিট তৈরির সরঞ্জাম। গোয়েন্দা পুলিশ বলছে, প্রবাসীদের টার্গেট করেই মূল্যছাড়ের প্রলোভন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিটের বিজ্ঞাপন দিতো তারা।
সস্তায় অনলাইনে টিকিট কেনার আগে প্রবাসীদের ট্রাভেল এজেন্সি সম্পর্কে যাচাই-বাছাই করার অনুরোধ জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার।
এই চক্রের আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চলছে বলেও জানান তিনি।

-

সোমালিয়ায় এমভি আব্দুল্লাহ, নজর রাখছে ‘অপারেশন আটলান্টা’

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ, সোমালিয়া উপকূলে নোঙর করেছে। নৌযানটির ওপর নজর রাখছে একটি ইউরোপীয় জাহাজ। জিম্মি দশায় থাকা ২৩ বাংলাদেশি নাবিক সুস্থ আছেন। তাদের মুক্ত করতে দেনদরবার শুরুর খবরও পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার জলদস্যুরা। ছিনতাইয়ের এ ঘটনায়, তাদের হাতে জিম্মি হয়ে পড়েন, জাহাজটিতে থাকা ২৩ বাংলাদেশি নাবিক।
এরপর থেকেই উৎকণ্ঠা দানা বেঁধেছে। সবশেষ খবর বলছে, জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে গিয়ে, নোঙর করে রেখেছে জলদস্যুরা। এলাকাটি গারাকাদ বন্দরের কাছে।
এদিকে, জলদস্যুরা বিপুল অংকের মুক্তিপণ দাবি করেছে বলে, বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। তবে, বিষয়টি অস্বীকার করেছে এমভি আব্দুল্লাহ জাহাজের মালিক প্রতিষ্ঠান।
সংবাদমাধ্যমের আরেকটি খবরে বলা হচ্ছে, বীমাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে জিম্মি ২৩ নাবিককে উদ্ধারে তৎপরতা শুরু করেছে মালিকপক্ষ।
এদিকে, জাহাজটি উদ্ধারে পিছু নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের একটি যুদ্ধজাহাজ। যাদের কার্যক্রম অপারেশন আটলান্টা নামে পরিচিত। পূর্ব আফ্রিকা উপকূলে জলদস্যুতা নির্মূলে কাজ করে তারা। এক বিবৃবিতে এই বাহিনী জানিয়েছে, সোমালিয়া উপকূলে একটি জাহাজ মোতায়েন করেছে তারা।
